গাজীপুরে স্বামী হত্যার অভিযোগ, ‘একই ছুরিতে’ স্ত্রী আহত



শ্রীপুর থানার ওসি জাবেদ ইসলাম জানান, শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খণ্ড দারগারচালা এলাকায় শনিবার সকালে হতাহতের এ ঘটনা ঘটে।
নিহত মোর্শেদ আলম (২৩)  নরসিংদীর পলাশ থানার তারগাঁও গ্রামের সিরাজ সরকারের ছেলে।
তার স্ত্রী স্বপ্না আক্তার (২০) শ্রীপুরের কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পরিবার জানিয়েছে।
স্বপ্নার ভাই মো. শাহজালাল বলেন, “মোর্শেদ ও স্বপ্না দুইজন দুইটা পোশাক কারখানায় চাকরি করেন। সম্প্রতি বিভিন্ন সময় নানা কারণে তাদের মধ্যে কলহ বাধছিল।”
স্থানীয়দের বরাতে তিনি বলেন, “শনিবার সকালে কারখানায় যাওয়ার পথে তাদের ঝগড়া হয়। একপর্যায়ে মোর্শেদ ছুরি মারেন। স্বপ্না ওই ছুরি কেড়ে নিয়ে মোর্শেদকে আঘাত করেন। দুজনই আহত হলে পথচারীরা তাদের হাসপাতালে নিয়ে যায়।”
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রায়হান আহমেদ বলেন, “মোর্শেদকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার গলা ধারালো অস্ত্র দিয়ে কাটা অবস্থায় পাওয়া গেছে।”
শাহজালাল বলেন, “আহত স্বপ্নাকে উদ্ধার করে প্রথমে মাওনার একটি বেসরকারি হাসপাতালে পাঠায় এলাকাবাসী। সেখান থেকে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।”
ওসি জাবেদ বলেন, “কিভাবে কী ঘটল, এর সঙ্গে আরও কেউ সম্পৃক্ত আছে কিনা, তা বের করতে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে প্রকৃত ঘটনা উদঘাটন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।”
লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে তিনি জানান।

No comments

Theme images by IntergalacticDesignStudio. Powered by Blogger.