‘উডুক্কু গাড়ি’ দেখালো অ্যাস্টন মার্টিন
উডুক্কু গাড়ির কনসেপ্ট বা ধারণা দেখিয়েছে বিলাসবহুল ও স্পোর্টস গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাস্টন মার্টিন। বৈদ্যুতিক এই ফ্লাইং ট্যাক্সিকে বলা হয়েছে ‘আকাশের জন্য একটি স্পোর্টস গাড়ি।’
চলতি সপ্তাহে অনুষ্ঠিত ফার্নবরো এয়ারশো-তে তিন আসনের এই হাইব্রিড বৈদ্যুতিক যানটির ধারণা উন্মোচন করে অ্যাস্টন মার্টিন। আপাতত এটি একটি ধারণা হলেও ভবিষ্যতে যাতায়াত ব্যবস্থায় বিপ্লবী পরিবর্তন আনতে পারে বলে প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।
ভোলান্টে ভিশন নামের এই উডুক্কু যানটি উল্লম্বভাবে ওঠানামা করতে পারে। এটির সর্বোচ্চ গতি বলা হয়েছে ঘন্টায় ৩২২ কিলোমিটার।
অ্যাস্টন মার্টিন কর্মী সিমন স্প্রোউল বলেন, “এই গতিতে বার্মিংহামের কেন্দ্র থেকে লন্ডনের কেন্দ্রে যেতে সময় লাগবে প্রায় আধা ঘন্টা।”
ইতোমধ্যেই বৈদ্যুতিক ফ্লাইং ট্যাক্সি প্রকল্প নিয়ে কাজ শুরু করেছে প্লেন নির্মাতা এয়ারবাস, উবারসহ অনেক স্টার্টআপ প্রতিষ্ঠান। স্টার্টআপগুলোর মধ্যে একটি গুগল সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেইজের কিটি হক।

No comments