ধামরাইয়ে ‘নাশকতার পরিকল্পনার বৈঠক’, আটক ২০
ঢাকার ধামরাই উপজেলায় কথিত নাশকতার পরিকল্পনার বৈঠক থেকে ২০ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার ফোর্টনগরের মাখুলিয়ায় এ অভিযানে হাতবোমা উদ্ধার করা হয় বলেও পুলিশ জানিয়েছে।
ধামরাই থানার ওসি দীপক কুমার সাহা বলেন, “গোপন সংবাদ পেয়ে ফোর্টনগরের মুখুলিয়া এলাকায় একটি মাঠে বসে বৈঠক থেকে ২০ জনকে আটক করা হয়েছে।”
“তারা মাঠে বসে নাশকতার পরিকল্পনা করছিলেন”, দাবি করে ওসি বলেন, “তাদের হেফাজত থেকে সাতটি হাতবোমা, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।”
পুলিশ তাৎক্ষণিক আটকদের নাম-পরিচয় জানাতে পারেনি। তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত রয়েছে কিনা তাও জানাতে পারেনি।

No comments