নিয়ন্ত্রণহীন ট্রাক অটোরিকশার ওপর, নিহত ৪
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় নিয়ন্ত্রণহীন এক ট্রাকের চাপায় দুই অটোরিকশার চার আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার ঠাকুরদীঘি বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ঠাকুরদীঘি অটোরিকশা স্ট্যন্ডে এ ঘটনা ঘটে বলে জোরারগঞ্জ হাই ওয়ে পুলিশের পরিদর্শক সোহেল সরকার জানান।
চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন জানান, ঢাকাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি অটোরিকশাকে চাপা দেয়।
“এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পরে রেকার এনে ট্রাক সরিয়ে লাশগুলো উদ্ধার করা হয়েছে।”
নিহতরা হলেন- শাহ আলম (৪০), দিদারুল আলম (৩৫), মহিউদ্দিন (৬০), কামরুল (২৪)। তাদের সবার বাড়ি জোরারগঞ্জ এলাকায় বলে জসীম উদ্দিন জানান।

No comments