সরকারী নিষেধ অমান্য করে শ্রীপুরের মাওনায় বিক্ষোভ ও সমাবেশ।



গাজীপুর জেলা প্রতিনিধি
করোনা প্রার্দুভাব ঠেকাতে সরকারের জারি করা বিধি নিষেধ অমান্য করেই শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় পরিবহনে চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। সামাজিক দূরত্ব রক্ষা না করে শতাধিক নেতাকর্মী স্থানীয় পরিবহন ও ব্যবসায়ী নেতা মোশারফ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিতর্কের জন্ম দিয়েছেন। গাজীপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম ও জুয়েল মাহমুদ আসিফের নেতৃত্বে এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, বাংলাদেশ ট্রাক -কাভার্ডভ্যান ট্রন্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সভাপতি মোশারফ সরকার নানা অজুহাতে পরিবহন থেকে চাঁদা আদায় করছেন। সেটা বন্ধের দাবিতেই তারা বিক্ষোভ ও সমাবেশ করেছেন। অন্যদিকে ব্যবসায়ী ও পরিবহন নেতা মোশারফ সরকার বলেন, চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামীদেরকে নিয়ে ট্রান্সপোর্ট ব্যবসা ও ট্রাক-কার্ভাডভ্যান স্ট্যান্ড দখল করার জন্যই সরকারের বিধি নিষেধ উপেক্ষা করে তারা আন্দোলন করেছে। নিজেরাই প্রকাশ্যে চাঁদাবাজি করে কয়েকবার ধরা খেয়ে মামলার আসামী হয়েছে।

নিজেদেরকে রক্ষার কৌশল হিসেবে এখন এ পথ বেছে নিয়েছে বলে তার অভিযোগ। তিনি বলেন, আমার নেতৃত্বে সুশৃঙ্খলভাবে মাওনা এলাকার ট্রাক ও কাভার্ডভ্যান স্ট্যান্ড চলছে। সেই সুনাম ক্ষুণ করে স্ট্যা- দখল করার জন্য তারা আন্দোলন করছে বলে মোশারফ সরকারের অভিযোগ।

এলাকাবাসী জানান, স্থানীয় সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ বেশ জোর গলায় বলে বেড়ান তার সংসদীয় এলাকায় কোনো চাঁদাবাজি হচ্ছে না। অথচ আজ তারই কর্মী সমর্থকরা চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ করে এমপির কথাকেই অসত্য বলে প্রমাণ করার চেষ্টা করছেন। আন্দোলনকারীরা সংসদ সদস্য সবুজের একনিষ্ঠ কর্মী হিসেবে এলাকায় পরিচিত।

No comments

Theme images by IntergalacticDesignStudio. Powered by Blogger.